দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন এবং সম্প্রতি একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হাসপাতালে প্রবেশে বাধা দেওয়া হয়। একপর্যায়ে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ১ নম্বর গেটের সামনে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা অবস্থান নেন। সাংবাদিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মগবাজার থানা পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হন। পরে হাসপাতালের এক সিনিয়র ম্যানেজার সাংবাদিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
উল্লেখ্য, গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে সরকার উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৩ জুনের মধ্যে কমিটিকে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কেএম